সাখাওয়াত হোসেন, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর গ্রামে সামাজিক সম্প্রীতি বজায় রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদক, কিশোর অপরাধ, চুরি-ডাকাতিসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মাদকবিরোধী ও আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সুবিদপুর পণ্ডিত বাড়ি সংলগ্ন মাঠে সুবিদপুর সোসাইটি-এর উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমির হোসেন চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সৌরভ হোসেন পণ্ডিত।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বেলায়েত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম।
এছাড়াও বক্তব্য দেন সমাজসেবক আশরাফ হোসেন আশু পাটওয়ারী, মো. হানিফ মুন্সি, দৈনিক যুগান্তরের ফরিদগঞ্জ প্রতিনিধি প্রবীর চক্রবর্তী, সমাজসেবক বিল্লাল হোসেন পাটওয়ারী এবং ইউপি সদস্য আব্দুল রশিদ।
বক্তারা বলেন, মাদক বর্তমানে সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। বিশেষ করে যুবসমাজ মাদকের কারণে বিপথগামী হয়ে পরিবার ও সমাজের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তারা মাদক নির্মূলে পরিবার, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী এবং সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় আরও বলা হয়, মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুবসমাজকে সম্পৃক্ত করা এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি।
এসময় এসআই আশরাফুল আলম এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “মাদক সংশ্লিষ্ট যেকোনো তথ্য গোপন না রেখে সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে। সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সকলের সহযোগিতা প্রয়োজন।”
সুবিদপুর সোসাইটির সাধারণ সম্পাদক সৌরভ হোসেন পণ্ডিত বলেন, “বর্তমান যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। এ অবস্থা থেকে উত্তরণ এবং একটি সুন্দর, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
সভায় সুবিদপুর সোসাইটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ সমাজের প্রতিনিধি এবং এলাকার সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।