নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সদর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী মাসব্যাপী কর্মসূচি পালন করা হচ্ছে। এরই অংশ হিসেবে “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বিআরটিএ ঢাকা জেলা সার্কেলের উদ্যোগে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) ঢাকা জেলার কেরানীগঞ্জে ডিজিটাল ল্যাব স্কুল অ্যান্ড কলেজে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করেন।
সভায় সড়ক নিরাপত্তা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিআরটিএ ঢাকা জেলা সার্কেলের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, মোটরযান পরিদর্শকগণ, ট্রাফিক ইন্সপেক্টর এবং শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষকবৃন্দ।
আলোচনায় বক্তারা শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপারের নিয়ম, যাত্রী হিসেবে করণীয়, চালক হিসেবে দায়িত্ব ও কর্তব্য এবং পথচারী হিসেবে প্রয়োজনীয় সতর্কতা সম্পর্কে সচেতন করেন। তাঁরা ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত স্থান দিয়ে রাস্তা পার হওয়া, সড়কে দায়িত্বশীল আচরণ করা এবং অন্যের নিরাপত্তার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু চালক নয়, যাত্রী, পথচারী ও সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। পাশাপাশি সড়কের যথাযথ নকশা ও ব্যবস্থাপনা, ট্রাফিক আইন বাস্তবায়ন এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্ঘটনা কমিয়ে একটি নিরাপদ সড়কব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক গঠনে ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্বশীল করে তুলতেই এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।