মোঃ রফিকুল ইসলাম রতন সিনিয়র রিপোর্টার ময়মনসিংহ
ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-২৭-এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জেলা প্রশাসন, ময়মনসিংহের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা, ময়মনসিংহের সহযোগিতায় এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য জনাব আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুর রহমান। এ সময় আমন্ত্রিত অতিথিবৃন্দ, সংশ্লিষ্ট ক্রীড়া সংগঠক, ক্রীড়াঙ্গনের প্রতিনিধিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট দেশের তরুণ ক্রিকেটারদের জন্য নিজেদের প্রতিভা ও সামর্থ্য তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মের ক্রিকেটাররা নিজেদের দক্ষতা, নৈপুণ্য ও খেলাধুলার মান উন্নয়নের সুযোগ পাবে। পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় পর্যায়ের ক্রিকেটে নিজেদের প্রতিষ্ঠিত করার পথও সুগম হবে। আয়োজকরা মনে করেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করা এবং তাদের যথাযথ বিকাশে বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের গুরুত্ব অপরিসীম। নিয়মিত প্রতিযোগিতামূলক খেলার সুযোগ পেলে তরুণ ক্রিকেটারদের মধ্যে আত্মবিশ্বাস, শৃঙ্খলা, দলীয় চেতনা ও ক্রীড়াসুলভ মনোভাব আরও বিকশিত হবে। ময়মনসিংহে এ টুর্নামেন্টের উদ্বোধন স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহসহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিশ্রুতিশীল তরুণ ক্রিকেটাররা নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবে এবং ভবিষ্যতে জাতীয় ক্রিকেটের জন্য দক্ষ খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।