মোঃ রফিকুল ইসলাম রতন সিনিয়র রিপোর্টার
ময়মনসিংহ জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় ধোবাউড়ার নারী ফুটবল দলকে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়েছে। মাঠের অসাধারণ নৈপুণ্য, দৃঢ় মনোবল ও দলীয় প্রচেষ্টায় শিরোপা জয় করা এই নারী ফুটবলারদের সম্মান জানাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে ধোবাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধোবাউড়া-হালুয়াঘাট আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে প্রতিপক্ষকে হারিয়ে শিরোপা জিতে নেয় ধোবাউড়া নারী ফুটবল দল। তাদের এ অর্জন শুধু একটি ট্রফি জয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি গারো পাহাড়ের পাদদেশের এই জনপদের নারী ক্রীড়াবিদদের সম্ভাবনা, সাহস ও অদম্য ইচ্ছাশক্তির প্রতিফলন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ী খেলোয়াড়দের সাফল্যের প্রশংসা করা হয়। বক্তারা বলেন, ধোবাউড়ার মেয়েরা প্রমাণ করেছেন, সুযোগ ও যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে তারাও জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারেন। তাদের এই সাফল্য এলাকার অন্য মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করবে এবং নারী ফুটবলের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
স্থানীয়দের প্রত্যাশা, এই বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে নারী ফুটবলারদের নিয়মিত প্রশিক্ষণ, প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম, উন্নত অনুশীলন সুবিধা ও যথাযথ পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা হবে। বর্ণাঢ্য এই সংবর্ধনা বিজয়ী খেলোয়াড়দের মনোবল বাড়ানোর পাশাপাশি ধোবাউড়ায় নারী ফুটবলের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে বলে আশা করা হচ্ছে।
অন্যান্যদের মাঝে ছিলেন সহকারী কমিশনার(ভূমি) মুকসুদুস সালেহীন,অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল ফজল,ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম টুটন, আনোয়ার হোসেন খান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমীক সুপারভাইজার নুরুল আমিন।