মোঃ মনিরুজ্জামান, সিনিয়র রিপোর্টার, ঝিনাইদহ:
সুস্থ সংস্কৃতি বিনির্মাণের প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কপোতাক্ষ সাহিত্য সংস্কৃতি সংসদ-এর নতুন পরিচালনা কমিটি গঠন সম্পন্ন হয়েছে। ২০২১ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি মহেশপুর উপজেলার বিভিন্ন এলাকায় সাংস্কৃতিক চর্চা, সাহিত্য বিকাশ এবং নতুন প্রজন্মের মাঝে সুস্থ সংস্কৃতির প্রসারে নিরলসভাবে কাজ করে আসছে।
সংগঠনটি নিয়মিতভাবে সংগীত, আবৃত্তি, নাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। এসব কার্যক্রমের মাধ্যমে গড়ে ওঠা মেধাবী ও সংস্কৃতিমনা ব্যক্তিদের সমন্বয়ে কপোতাক্ষ সাহিত্য সংস্কৃতি সংসদের কার্যক্রম পরিচালিত হয়। সংগঠনটির মূল সাংস্কৃতিক প্ল্যাটফর্ম মেসেজ কালচারাল একাডেমি এবং এর ইউটিউবভিত্তিক মাধ্যম মেসেজ টিভি, যেখানে সুস্থ ও ইতিবাচক সংস্কৃতি প্রচার ও প্রসারে বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করা হয়।
সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়। এতে মোঃ আব্দুল আলিম পরিচালক, মোঃ সাইফ উদ্দিন আহমেদ সহকারী পরিচালক, মোঃ জাহাঙ্গীর হোসেন সংগীত পরিচালক, রানা আহমেদ থিয়েটার পরিচালক, মোঃ নাসির উদ্দিন কোষাধ্যক্ষ এবং মোঃ মনিরুজ্জামান মিডিয়া ও প্রচার সম্পাদক নির্বাচিত হন। এছাড়াও সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে আরও কয়েকজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবগঠিত কমিটির মূল প্রতিপাদ্য বিষয় হলো “সুস্থ সংস্কৃতি বিনির্মাণ”। কমিটির সদস্যরা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজ থেকে অসংগতি দূর করে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা মেসেজ কালচারাল একাডেমির সম্মানিত পরিচালক রাশেদ সরোয়ার। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংস্কৃতিক কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানানো হয় এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।