ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২৭ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়।
সোমবার (৮ জুন) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৭ জুন) বিকেল ৩টার দিকে টেকনাফ জিরো পয়েন্ট সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি দল। অভিযান চলাকালে একটি সন্দেহভাজন বোটকে থামার সংকেত দিলে সেটি নির্দেশ অমান্য করে সমুদ্রে একটি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরে কোস্ট গার্ড সদস্যরা সমুদ্রে ফেলে দেওয়া বস্তাটি উদ্ধার করে তাতে গাঁজা পাওয়া যায় এবং ধাওয়া করে বোটটিকেও আটক করে। বোটে তল্লাশি চালিয়ে আরও একটি গাঁজাভর্তি বস্তা জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানায়, উদ্ধার করা দুই বস্তা থেকে প্রায় ৮ লাখ ১০ হাজার টাকা মূল্যের ২৭ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। একই সঙ্গে মাদক পাচারে ব্যবহৃত বোটসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।