মো: রুবেল মিয়া স্টাফ রিপোর্টর ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ায় ছয় বছর বয়সী স্কুল শিক্ষার্থী নিশাত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় মোঃ ইছাক মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে সদর উপজেলার মোহনপুর গ্রাম থেকে তাকে হেফাজতে নেয় পিবিআই। গ্রেপ্তারকৃত ইছা মিয়া পেশায় একজন অটোরিকশা চালক এবং পার্শ্ববর্তী অষ্টগ্রাম উত্তরপাড়ার মৃত জারু মিয়ার ছেলে।
পিবিআই সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তদন্তে জানা যায়, নিখোঁজ হওয়ার দিন শিশুটিকে প্রলোভন দেখিয়ে নিজের সঙ্গে নিয়ে যায় সে। পরবর্তীতে পরিস্থিতির অবনতি ঘটলে শিশুটির মৃত্যু ঘটে।
এর আগে নিখোঁজ হওয়ার দুইদিন পর, শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে বাড়ির পাশের একটি খোলা জায়গা থেকে বস্তাবন্দি অবস্থায় নিশাতের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
নিহত নিশাত মোহনপুর গ্রামের প্রবাসী আবু সাদেক মিয়ার মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের নার্সারী শ্রেণির ছাত্রী ছিল। গত ১৫ এপ্রিল দোকান থেকে খাবার কিনতে বের হয়ে সে নিখোঁজ হয়।
এ ঘটনায় নিহতের মা আকলিমা আক্তার বাদী হয়ে সদর মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
পিবিআইয়ের পুলিশ সুপার জানান, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।