আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
মায়ের সঙ্গে যুবদল নেতার অনৈতিক সম্পর্কের জের ধরে এক যুবককে নির্যাতনের পর হত্যার পর ঘরের আড়ায় ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার চালানোর অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৪ মার্চ) ভোরে সাতক্ষীরার আশাশুনি উপজেলার ফটিকখালি গ্রামে এই মৃত্যুর ঘটনা ঘটে। মৃতের নাম গৌতম বাছাড় (১৭)। সে আশাশুনির ফটিকখালি গ্রামের মৃত বিশ্বজিৎ বাছাড়ের ছেলে। ফটিকখালি গ্রামের উত্তম বাছাড় জানান, প্রায় ১০ বছর পূর্বে তার বাবা বিশ্বজিৎ বাছাড় মারা যান। তার এক বছর না যেতেই বাড়িতে আসা যাওয়ার সূত্র ধরে মায়ের সাথে পাশ্ববর্তী চেউটিয়া গ্রামের মৃত মোসলেম বিশ্বাসের ছেলে খাজরা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোর্তাজুল বিশ্বাসের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে তিনি ও তার ভাই গৌতম বাছাড় প্রতিবাদ করতেন। প্রতিবাদের একপর্যায়ে মোর্তাজুল তার ছোট ভাই গৌতম বাছাড়কে হুমকি দেয়। উত্তম বাছাড় আরো জানান, শুক্রবার গভীর রাতে মোর্তাজুল তাদের বাড়িতে আসে। মায়ের সঙ্গে মোর্তাজুলের অনৈতিক সম্পর্কে দেখে ফেলায় শনিবার ভোরের দিকে গৌতমকে দুইজনে মিলে শ্বাসরোধ করে হত্যার পর, ঘরের আড়ার সাথে গলায় দড়ির ফাঁস লাগিয়ে সকালে আত্মহত্যার প্রচার দেন। তিনি ও স্থানীয়রা গৌতমের লাশ ঝুলন্ত অবস্থায় দেখলেও দুটি পা মাটিতে লেগে ছিলো। স্থানীয় একটি মহল লাশ ময়না তদন্ত না করে সৎকারের জন্য চেষ্টা করছিল। গৌতমের ডান হাতের বগলের নীচে আঘাতের চিহ্ন রয়েছে। একপর্যায়ে তিনি আপত্তি করায় পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে শেফালী বাছাড় মোর্তাজুলের সাথে তার অনৈতিক সম্পর্কের কথা অস্বীকার করে বলেন, তার ছেলে গৌতম আত্মহত্যা করেছে। তবে মোর্তাজুলের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। খাজরা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি বোরহানউদ্দিন বুলু জানান, মোর্তাজুল একজন যুবদল নেতা। তবে গৌতমের মায়ের সঙ্গে মোর্তাজুলের সম্পর্ক আছে মর্মে এলাকায় প্রচার রয়েছে। আশাশুনি থানর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম আহম্মেদ খান জানান, পুলিশ গৌতম বাছাড়ের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে গলায় দড়ি দিয়ে গৌতম আত্মহত্যা করেছ বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।