আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার
সাতক্ষীরায় দ্রুত বিচার আইনের একটি মামলায় মো. আসাদুল সরদার (৫৫) নামে এজাহার নামীয় এক আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে সাতক্ষীরার বিজ্ঞ বিচারক (দ্রুত বিচার আদালত ) তনিমা মণ্ডল শুনানি শেষে এ আদেশ দেন। আসামিপক্ষে আইনজীবী স. ম. সালাউদ্দিন জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে তা নামঞ্জুর করেন।
আসাদুল সরদার সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা এলাকার পূর্বপাড়ার বাসিন্দা। তিনি মৃত সামছুর সরদারের বড় ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখে সাতক্ষীরা সদর থানাধীন প্রথম সাতক্ষীরা এলাকায় অ্যাডভোকেট মো. সাইফুল্লাহর বসতবাড়ির পাকা প্রাচীর ভাঙচুর ও ক্ষতিসাধনের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে বলা হয়, পূর্বপরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে আসাদুল সরদারসহ ২৪ জন এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৩ জন সেখানে প্রবেশ করে শক্তি প্রদর্শন, ভাঙচুর ও ক্ষতিসাধনে অংশ নেন। এতে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।এবং আদালতে বিভিন্ন ভিডিও ফুটেজসহ বিভিন্ন ডকুমেন্টস আদালতে উপস্থাপন করেন।
এ আসামি আসাদুলের বিরুদ্ধে অন্য ঘটনায় অর্থাৎ শফিকুল ইসলামের পুত্রদেরসহ এলাকার নিরীহ ব্যক্তিদের কুপিয়ে জখম করায় মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৫, ৩২৬, ৩০৭ ও ১১৪ ধারায় মামলা দায়ের করেন। ওই মামলায় আসাদুল সরদার এখনো জামিন গ্রহণ করেননি বলে জানা গেছে।
এদিকে আসাদুল সরদারের বিরুদ্ধে অতীতেও একাধিক অভিযোগ ও মামলার তথ্য পাওয়া গেছে। পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা এলাকার হতদরিদ্র বিধবা ইয়াসমিন সুলতানা মুক্তা ও তাঁর বোন মনিকে মারধর এবং কুপিয়ে জখম করার অভিযোগে সাতক্ষীরা সদর থানায় এজাহার দায়ের করা হয়েছিল।
অন্যদিকে, রামচন্দ্রপুর এলাকায় অন্যের জমি দখলের অভিযোগে কামালনগর গ্রামের জি.এম. মিজানুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় আসাদুল, মেহেদী, আজহারুল ও রবিউলসহ আসামিদের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (প্রথম আদালত, সাতক্ষীরা ) সাজা প্রদান করেন ।
স্থানীয়দের অভিযোগ, আসাদুল সরদার, নাসরীন, রবিউল, উম্মে কুলসুম,আব্দুল রশিদ ও তাঁর সহযোগীদের কর্মকাণ্ডে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হচ্ছে। জমিসংক্রান্ত বিরোধ, মারধর, ভাঙচুর ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ রয়েছে। তাঁরা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।