মোঃ শফিকুর রহমান জেলা প্রতিনিধি ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শফিকুল ইসলাম খান (মিল্টন)। আর সদস্যসচিব করা হয়েছে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে। এর মধ্য দিয়ে দীর্ঘ এক মাসের বেশি সময় পর নতুন নেতৃত্ব পেল বিএনপির গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক শাখা। রোববার রাতে বিএনপির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন আহ্বায়ক কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করতে হবে। নবনিযুক্ত আহ্বায়ক শফিকুল ইসলাম খান (মিল্টন) এর আগে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। অন্যদিকে, নতুন সদস্যসচিব এস এম জাহাঙ্গীর হোসেন এর আগে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতির দায়িত্বও পালন করেন। উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর আমিনুল হক ও মোস্তফা জামানের নেতৃত্বাধীন ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ওই কমিটিতে আমিনুল হক আহ্বায়ক এবং মোস্তফা জামান সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বের সামনে এখন সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্য সুদৃঢ় করা এবং ওয়ার্ড ও থানা পর্যায়ের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। নতুন আহ্বায়ক ও সদস্যসচিবের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপি কতটা সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠতে পারে, এখন সেটিই দেখার বিষয়।