আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটায় অ্যাম্বুলেন্সের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে খোকন (৬৫) নামের এক গরু ব্যবসায়ী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের বালিগাদা মোড় নামক স্থানে রবিবার সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল ৮টার দিকে সাতক্ষীরাগামী একটি অ্যাম্বুলেন্স স্বজোরে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি সড়কের দক্ষিণ পাশে বিলের মধ্যে পড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী গরু ব্যবসায়ী খোকন নিহত হয়। আর মোটরসাইকেল চালক আব্দুল কুদ্দুস গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাটকেলঘাটার স্বাগতা ক্লিনিকে ভর্তি করে অবস্থার পরিবর্তন না হওয়ায় পরবর্তীথে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পরপরই অ্যাম্বুলেন্স চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। আহত মোটরসাইকেল চালক আব্দুল কুদ্দুস পাটকেলঘাটা থানার নোয়াপাড়া গ্রামের আব্বাসের ছেলে। এ ঘটনায় পাটকেলঘাটা থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ আইনশৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে রয়েছে।