মোঃ শাকিল খান রাজু সিনিয়র স্টাফ রিপোর্টার ভোলা
জেলার মনপুরা উপজেলায় ১৬ বছর বয়সী এক কিশোর মিথ্যা অপবাদ ও অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৪ মার্চ) রাতে উপজেলার ২ নং হাজীরহাট ইউনিয়নের চর ফৈজউদ্দিন এলাকার ৭ নং ওয়ার্ডের চৌমুহনী বাজার সংলগ্ন শরীফ ডুবাইয়ের বাড়ির একটি গাছ থেকে ওই কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। অভিযোগ রয়েছে, এর আগে ওই কিশোরের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়িয়ে স্থানীয়ভাবে বিচারের নামে তাকে মারধর করা হয়। এতে অপমান ও মানসিক কষ্ট সহ্য করতে না পেরে সে আত্মহত্যার পথ বেছে নেয় বলে পরিবারের দাবি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় পুরো এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।