ফরহাদ রহমান
স্টাফ রিপোর্টার কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে কিশোরী গণধর্ষণের আলোচিত মামলার এজাহারনামীয় পলাতক আসামি নেওয়াজ শরীফকে (২৬) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকায় অভিযান চালায় র্যাব-১৫-এর একটি আভিযানিক দল। এ সময় শহরের রামাদা হোটেলের সামনে থেকে মামলার পলাতক আসামি নেওয়াজ শরীফকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নেওয়াজ শরীফ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাদিমুড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম আমির আলী।
মামলা সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। অভিযোগ অনুযায়ী, মামলার প্রধান আসামি জিয়াবুল হক বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে মেরিন ড্রাইভ সংলগ্ন একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যায়। সেখানে জিয়াবুল হক ও তার সহযোগী নেওয়াজ শরীফ তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
ঘটনার পর ভুক্তভোগীর পরিবার টেকনাফ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।