রাজশাহী থেকে মাহমুদা হাবীবা মোঃ সুজন আহাম্মেদ সিনিয়র স্টাফ রিপোর্টার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন নেত্রীকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার দুপুরে দলের পক্ষ থেকে এই মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়। এ তালিকায় রাজশাহী থেকে মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। তিনি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। মাহমুদা হাবীবা দলের মিডিয়া সেলেরও সদস্য। তিনি রাজশাহী-৫ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আয়েন উদ্দীনের কন্যা। তার পারিবারিক নিবাস রাজশাহী নগরীর কুমারপাড়া এলাকায়। দলীয় রাজনীতিতে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয়। প্রচার-প্রচারণা, দলীয় নীতি তুলে ধরা এবং গণমাধ্যমে দলের অবস্থান ব্যাখ্যায় তার ভূমিকা রয়েছে। পাশাপাশি তিনি একজন নারী উদ্যোক্তা হিসেবেও পরিচিত। মনোনয়ন পাওয়া ৩৬ নেত্রীর মধ্যে আরও রয়েছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খানসহ অনেকে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, মনোনয়নপ্রাপ্ত এসব নেত্রী বিভিন্ন সময়ে সংগঠন, আন্দোলন ও রাজনৈতিক কার্যক্রমে অবদান রেখেছেন। তাদের অভিজ্ঞতা ও সক্রিয়তার ভিত্তিতেই এই মনোনয়ন দেওয়া হয়েছে।