আসাদুজ্জামান আসাদ স্টাফ রিপোর্টার
মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) ২০২৬ উপলক্ষে শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায্য দাবির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি.সি.পি.সি)-এর পক্ষ থেকে প্রকাশিত এক শুভেচ্ছা বার্তায় শ্রমিক-মালিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করা হয়।
বার্তায় বলা হয়, “শ্রমিক-মালিক একতা দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি।” দেশের উন্নয়নের প্রতিটি ধাপে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। তাদের ঘাম ও পরিশ্রমেই গড়ে উঠেছে শিল্প, কৃষি ও অর্থনীতির ভিত। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং তাদের জীবনমান উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
মফস্বল সম্পাদক এস কে ইমামিন বলেন, শ্রমিকরা দেশের প্রকৃত চালিকাশক্তি। তাদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি। তিনি আরও বলেন, “আমরা সবাই মিলে একটি শোষণ ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি শ্রমিক সম্মান ও ন্যায্য অধিকার পাবে।”
বার্তায় আরও উল্লেখ করা হয়,
“প্রেমে-শ্রমে গড়া এই দেশ, আমরা সবাই তার গর্বিত সন্তান। শ্রমিকের মুখে হাসি ফোটানোই হোক আমাদের অঙ্গীকার।”
এছাড়াও মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলা হয়, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য শ্রমিক-মালিকের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি।
শেষে বিশ্বব্যাপী সকল মেহনতি মানুষের প্রতি জানানো হয় লাল সালাম ও গভীর শ্রদ্ধা। মহান মে দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।