মোঃ ইসমাইল হোসেন নবী সিনিয়র রিপোর্টার,রাজশাহী রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় একটি পেট্রোল পাম্পে অনিয়মের অভিযোগের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই সাংবাদিক আহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাতে পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় একটি পেট্রোল পাম্পে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন সাংবাদিক এজাজুল হক মুন্না ও জিল্লুর রহমান জীবন। জানা যায়, পেট্রোল পাম্পে অনিয়মের অভিযোগ পেয়ে সংবাদ সংগ্রহের জন্য সেখানে যান কয়েকজন সাংবাদিক। এ সময় তাদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে উপস্থিত কিছু ব্যক্তি সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তারা শারীরিকভাবে লাঞ্ছিত ও আহত হন। হামলার শিকার সাংবাদিক এজাজুল হক মুন্না বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। এ ঘটনায় সাংবাদিক সমাজের সভাপতি ইসমাইল হোসেন নবী বলেন, এজাজুল হক মুন্না দুর্গাপুর সাংবাদিক সমাজের সাংগঠনিক সম্পাদক। একজন সাংবাদিক নেতার উপর যারা এই ন্যাক্কারজনক হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠিনতম ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আমরা সাংবাদিক সমাজ মানববন্ধন সহ আরো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। এদিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস), রাজশাহীর দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথ বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সংগঠনের সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক ফরিদ আহমেদ আবির বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সাধারণ সম্পাদক ও কালবেলা’র দুর্গাপুর উপজেলা প্রতিনিধি রাজু আহমেদ বলেন, দ্রুত দোষীদের গ্রেফতার করা না হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করা হলে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।