এম এ মজিদ নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির সময় হাতেনাতে দুইজনকে গ্রেফতার করেছে মান্দা থানা পুলিশ। গত ২৮ এপ্রিল ২০২৬ তারিখ দিবাগত গভীর রাতে পরিচালিত এই অভিযানে একটি তেলবাহী লরি ও বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানা পুলিশের একটি চৌকস দল মঙ্গলবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে। লরি থেকে ড্রামে তেল নামানোর সময় অবৈধ কারবারে জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। মোঃ আনোয়ার হোসেন (৩৬): (লরি চালক/বিক্রেতা), পিতা- আছের আলী, সাং- শাকতোলা, থানা- শাহজাদপুর, সিরাজগঞ্জ। মোঃ এরশাদ হোসেন (৪৫): (তেল ক্রেতা), পিতা- ইদ্রিস আলী, সাং- চকবাবন, থানা- মান্দা, নওগাঁ। পুলিশ ঘটনাস্থল থেকে চুরির কাজে ব্যবহৃত ট্রাক-লরি এবং বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে লরি ভর্তি ডিজেল ৫১০০ লিটার। ড্রামে ভর্তি ডিজেল ১১০০ লিটার (বিক্রয়কৃত)।৬২০০ লিটার। ডিজেল বিক্রির ৫৫,০০০ টাকা। এই ঘটনায় গ্রেফতারকৃত দুজন ছাড়াও আরও দুইজনকে পলাতক আসামি করে প্রচলিত আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জব্দকৃত তেল ও নগদ টাকা আদালতের নির্দেশনা অনুযায়ী নিষ্পত্তি করা হবে। আসামিদের আজ যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের এই তৎপরতায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ এই অভিযানকে সাধুবাদ জানিয়েছে।