ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার
কক্সবাজার কক্সবাজারের মহেশখালী উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জালসহ এক জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও মহেশখালীর সমন্বয়ে মহেশখালী থানাধীন জ্যামঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১২ লাখ টাকা মূল্যের ৬টি ট্রলিং জাল উদ্ধার করা হয় এবং সংশ্লিষ্ট এক জেলেকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামালের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় কোস্ট গার্ড। কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।