মোঃ নুরউদ্দিন খাঁন সোহাগ,ষ্টাফ রিপোর্টার
যশোরের শার্শা উপজেলার বেনাপোল বাস টার্মিনাল এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। শনিবার (১১ জুলাই) বিকেল ৪টার সময় বেনাপোল পোর্ট বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা হয় এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিওপির হাবিলদার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বিজিবির একটি টহল দল বাস টার্মিনাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং এক রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বেনাপোল ক্যাম্পের সুবেদার মহসিন চৌধুরী জানান, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গুলি আইনগত প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে অস্ত্রটির উৎস এবং এই অস্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।