রাসেল মাহমুদ ,স্টাফ রিপোর্টার:
বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কামারপাড়া এলাকায় পানিতে পড়ে আবু বক্কর (২ বছর ৬ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই এলাকার বাসিন্দা মো. শিপন কাজীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটির মা রিমা বেগম বাড়ির পাশের খালপাড়ে আম পাড়তে যান। এ সময় শিশু আবু বক্কর মায়ের পাশে খেলছিল। আম পাড়া শেষে রিমা বেগম তাকে নিয়ে বাড়ির কাছে এলে শিশুটি আবার খেলাধুলা করার জন্য কান্না শুরু করে। পরে তিনি শিশুটিকে বাড়ির সামনে উঠানে রেখে ঘরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর বাইরে এসে শিশুকে দেখতে না পেয়ে তিনি চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় এক পথচারী খালে শিশুটিকে ভাসতে দেখেন এবং চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্বজন ও স্থানীয়রা শিশুটিকে পানি থেকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।