মোঃ ইসমাইল হোসেন নবী
সিনিয়র রিপোর্টার,রাজশাহী
আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার- সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবস -২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ২. ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লায়লা নুর তানজু সভাপতিত্ব করেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলার সার্বিক তত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, আইসিটি কর্মকর্তা মো: মেহেদী হাসান, আনছার ভিডিপি কর্মকর্তা শম্পা পারভীন, সমবায় অফিসার আসগর আলী, গ্রাম আদালতের প্রতিনিধি লায়লা খাতুন প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন এনজিও প্রতিনিধি, নারী উদ্দ্যোক্তা, গণমাধ্যম কর্মী ও কিশোর-কিশোরী ক্লাবের নারী সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করা এবং নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি তাদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদ্যাপনের লক্ষ্যেই বিশ্বব্যাপী নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হচ্ছে।
বক্তারা আরও বলেন, নারীদের আরও এগিয়ে নিতে তাদের প্রতি হিংসা-বিদ্বেষ কমিয়ে অধিকার নিশ্চিত করতে হবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারী-পুরুষ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।