তাসলিমা শারমিন,স্টাফ রিপোর্টার:
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুর উপজেলায় প্রথমবারের মতো যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) বিকেলে শিবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়া এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতিন।
সভাপতির বক্তব্যে ইউএনও মোছা. ফারজানা ইয়াসমিন বলেন, “পল্লীর উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আত্মকর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। সবাই মিলে কাজ করলে একটি উন্নত, সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর সুবিধাভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সুবিধাভোগীদের মাঝে ক্ষুদ্রঋণের চেক বিতরণ এবং পরিবেশ সুরক্ষায় বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
অন্যদিকে, একই দিনে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় গরুভর্তি একটি পিকআপ ভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কুমরাদী গ্রামের দুইজন এবং বাড়ৈআলগী গ্রামের একজনসহ মোট তিন গরু ব্যবসায়ী নিহত হন। এ ঘটনায় পিকআপে থাকা আটটি গরুও মারা যায়। এ মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে আসে শিবপুর এলাকায়।