মোঃইমরান হোসেন,স্টাফ রিপোর্টার:
২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলা যুব বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার মান্দারী যাদৈয়া ইসলামিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে মান্দারী বাজার, বটতলী, চরচামিতা ও হাজিরপাড়া হয়ে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এটি শেষ হয়।
মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করতে আয়োজিত এই শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণ ও যুবকেরা সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে অংশ নেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা মাদকের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তারা বলেন, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে মাদকের বিস্তার রুখতেই হবে। বক্তারা মাদকের ক্রেতা, বিক্রেতা ও এর সাথে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একই সাথে দলমত নির্বিশেষে মাদকের বিরুদ্ধে একটি শক্তিশালী রাজনৈতিক ঐক্য গড়ে তোলার এবং মাদক সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান।
চন্দ্রগঞ্জ উপজেলা যুব বিভাগের সভাপতি তাওসিফ হাসনাইনের সভাপতিত্বে শোভাযাত্রা ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা নূর মোহাম্মদ রাসেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ইকবাল হোসাইন এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডা. কাউসার হামিদ।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা কবির আহমেদ, আব্দুল খালেক এবং মাস্টার শাহ আলম আবিদুর রহমান সহ,স্থানীয় যুব ও জামায়াত নেতৃবৃন্দ।