ফরহাদ রহমান
স্টাফ রিপোর্টার কক্সবাজার
কক্সবাজারের অপরাধ জগতের ত্রাস হিসেবে পরিচিত হত্যা, ডাকাতি ও অবৈধ অস্ত্রসহ ২১টি মামলার আসামি মো. কলিম উল্লাহ ওরফে ‘কলিম ডাকাত’কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় কক্সবাজার সরকারি কলেজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কলিম উল্লাহ কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের তোতকখালী এলাকার মৃত কবির আহমদের ছেলে।
র্যাব-১৫ জানায়, ব্যাটালিয়ন সদর দপ্তরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এবং একাধিক মামলায় সাজাপ্রাপ্ত আসামি কলিম ডাকাত কক্সবাজার সরকারি কলেজ এলাকায় অবস্থান করছে। পরে সংবাদের ভিত্তিতে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত কলিম উল্লাহ একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় ২০১৫ সালের একটি চাঞ্চল্যকর হত্যা মামলা (জিআর নং-৮৭৫/১৫, ধারা ৩০২/৩৪ পেনাল কোড) ছাড়াও হত্যা, ডাকাতি ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মোট ২১টি মামলা রয়েছে।
তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারের পর তার কাছ থেকে জব্দ করা মোবাইল ফোনসহ তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ জানায়, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং তালিকাভুক্ত সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে এ ধরনের কঠোর ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।