সোহেল রানা নওগাঁ
নওগাঁ জেলা শহরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের মুক্তির মোড়স্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। প্রথমে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পর্যায়ক্রমে জেলা পরিষদের প্রশাসক মো. আবু বক্কর সিদ্দিক নান্নু, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, নওগাঁ পৌরসভা, জেলা পরিষদ, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ সরকারি কলেজ, সিভিল সার্জন কার্যালয়, জেলা বিএনপি, জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। দিবসের প্রধান আয়োজন অনুষ্ঠিত হয় নওগাঁ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে। সকালে সেখানে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করা হয় এবং রঙিন ফেস্টুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করা হয়। পরে পুলিশ বাহিনী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কুচকাওয়াজ শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।