নুরউদ্দিন খাঁন সোহাগ ষ্টাফ রিপোর্টার বাগেরহাটের মোরেলগঞ্জে অভিযান চালিয়ে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জাহিদুল ইসলাম ওরফে কালাম (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬, সদর কোম্পানি। র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে নিয়মিত অভিযান পরিচালনার ধারাবাহিকতায় ৯ আগস্ট ২০২৬ ভোর ৪টা ২০ মিনিটে একটি গোপন সংবাদের ভিত্তিতে মোরেলগঞ্জ থানার বারইখালী নামক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ মাদকদ্রব্য ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহিদুল ইসলাম ওরফে কালামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার বেতমোর (রাজপাড়া) এলাকার রতন হাওলাদারের ছেলে। অভিযানকালে তার নিজ হেফাজত থেকে উদ্ধার করা ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উপস্থিত সাক্ষীদের সামনে আইনের বিধি মোতাবেক জব্দ করা হয়। র্যাব আরও জানায়, গ্রেফতার ব্যক্তির পিসি-পিআর পর্যালোচনা করে কক্সবাজারের টেকনাফ থানা ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানায় তার বিরুদ্ধে তিনটি মাদক মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেফতার জাহিদুল ইসলামের বিরুদ্ধে বাগেরহাটের মোরেলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব।


