মোঃ মাজেদুল ইসলাম,জেলা প্রতিনিধি,জামালপুর
জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য কোনো ধরনের পৌরকর বৃদ্ধি ছাড়াই ৫১ কোটি ১২ লাখ ৮৭ হাজার ৭৫৬ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত এই বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ১১ লাখ ৩৬ হাজার ৫৫২ টাকা এবং উদ্বৃত্ত থাকবে প্রায় ২ কোটি ১ লাখ ৫১ হাজার ২০৪ টাকা।
আজ সোমবার (২৯ জুন) জামালপুর পৌরসভায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পৌরসভার প্রশাসক মৌসুমী খানম প্রস্তাবিত বাজেটের এই বিস্তারিত বিবরণ তুলে ধরেন। এর আগে গত ২৪ জুন অনুষ্ঠিত প্রশাসকের সহায়তা কমিটির বিশেষ সভায় ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত এবং ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত খসড়া বাজেট অনুমোদন দেওয়া হয়। ঘোষিত বাজেটে বিভিন্ন খাত থেকে আয় ও ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নিচে এর একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হলো: রাজস্ব খাত- আয় ২১ কোটি ১২ লাখ ৩৫ হাজার ৫৪৫ টাকা; ব্যয় ১৯ কোটি ২০ লাখ ২৭ হাজার টাকা। পানি সরবরাহ শাখা: আয় ৫১ লাখ ৯২ হাজার ৬০৯ টাকা; ব্যয় ৫০ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা। উন্নয়ন প্রকল্প ও এডিপি: চলমান ৪টি উন্নয়ন প্রকল্প ও সরকারের উন্নয়ন সহায়তা (এডিপি) তহবিল মিলিয়ে মোট আয় ২৯ কোটি ৪৮ লাখ ৫৯ হাজার ৫৯৯ টাকা এবং ব্যয় ২৯ কোটি ৪০ লাখ ৩৫ হাজার ৫২ টাকা কোভিড-১৯ প্রতিক্রিয়া (LGCRRP) খাত: আয় ৫ কোটি ৭৯ লাখ ২৪ হাজার ৬০৭ টাকা; ব্যয় ৫ কোটি ৭৯ লাখ ১ হাজার ৬০৮ টাকা। অন্যান্য প্রকল্প: কুয়েত অর্থায়নে নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ৭ কোটি ৬৩ লাখ টাকা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তা তহবিলে ১ কোটি ৫৪ লাখ টাকা আয় ধরা হয়েছে।
পৌরসভার রাজস্ব তহবিল ব্যবহার নির্দেশিকা-২০২৫ অনুসরণ করে এবং শহর সমন্বয় কমিটির সঙ্গে আলোচনা করে এই বাজেট প্রণয়ন করা হয়েছে। সময়মতো অর্থ বরাদ্দ পাওয়া গেলে পরিকল্পিত উন্নয়নের সুফল পৌরবাসীর দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে৷ জামালপুর পৌরসভা সংবাদ সম্মেলনে পৌর প্রশাসক মৌসুমী খানম জানান, প্রায় ৫৩.২৮ বর্গকিলোমিটার আয়তনের দেশের দ্বিতীয় বৃহত্তম এই পৌরসভায় বর্তমানে প্রায় ২ লাখ মানুষের বসবাস। নাগরিক সেবা বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন, মশক নিয়ন্ত্রণ, শহরকে আলোকিত করা, বৃক্ষরোপণ এবং রাস্তাঘাটের টেকসই অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতেই এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক, সহকারী প্রকৌশলী সুহেল মিয়া, হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, হিসাবরক্ষক মোঃ শরীফ উদ্দিন সোহাগ এবং প্রশাসকের সহায়তা কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ।