খন্দকার জলিল, জেলা প্রধান, পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভূমি সেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ও এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে প্রধানমন্ত্রীর ভূমি সেবা বিষয়ক একটি বিশেষ ভিডিও চিত্র প্রদর্শনের পর ফিতা কেটে মেলার শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আবুজর মো. ইজাজুল হক। উদ্বোধনের পর পরই উপস্থিত বেশ কয়েকজন সেবাগ্রহীতার মাঝে তাৎক্ষণিকভাবে ভূমির রেকর্ড ও দাখিলা প্রদান করা হয় এবং একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হলরুমে আয়োজিত জনসচেতনতামূলক সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক, এমপি। সভায় উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের পক্ষ থেকে ভূমি সেবার বিভিন্ন মাঠপর্যায়ের সংকট ও হয়রানির চিত্র তুলে ধরা হয়; বিশেষ করে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার জেলা প্রধান খন্দকার জলিল প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, গলাচিপা উপজেলার কিছু প্রভাবশালী ব্যক্তি বহু পূর্ব থেকেই নামে ও বেনামে ভুয়া কাগজপত্র তৈরি করে এক একটি চর এক একজনে দখল করে আছেন, যা দ্রুত নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সাথে তিনি আরও অভিযোগ করেন, অনলাইনে খাজনা পরিশোধ করতে নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা বিকাশ না করলে সংশ্লিষ্ট তহশিলদাররা দাখিলা প্রদান করেন না। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী ভূমি সেবাকে আরও সহজ ও স্বচ্ছ করার লক্ষ্যে স্মার্ট এবং ডিজিটাল পদ্ধতির মাধ্যমে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে; বিশেষ করে পটুয়াখালী এবং বরগুনা জেলায় সরকার বিশেষ পাইলট প্রকল্প হাতে নিয়েছে, যা সম্পন্ন হলে ভূমি সংক্রান্ত জটিলতার মামলা এবং একজনের জমি অন্যজন লিখে নেওয়ার প্রবণতা একেবারেই হ্রাস পাবে। একই সাথে তিনি নামজারি, খতিয়ান ও খাজনা পরিশোধসহ বিভিন্ন সেবা প্রাপ্তিতে সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দৃষ্টি রাখার নির্দেশ দেন। জনসচেতনতামূলক সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক উপজেলার বিভিন্ন চর ও খালের জমি সংক্রান্ত সমস্যাগুলো সকলের সহযোগিতায় সমাধানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং স্পষ্ট জানিয়ে দেন, অনলাইনে খাজনা পরিশোধে কোনো তহশিলদার যদি নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত এক টাকাও বেশি নেয়, তবে প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি তিনি দালালের বা প্রতারক চক্রের শরণাপন্ন না হয়ে সাধারণ সেবাগ্রহীতাদের সরাসরি বৈধ নথিপত্রসহ ভূমি অফিসে যোগাযোগের আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানে গলাচিপা থানার প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দ, ভূমি অফিসের কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সাধারণ সেবাগ্রহীতাগণ উপস্থিত ছিলেন।