স্টাফ রিপোর্টার :জাকির হোসাইন
দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় কৃষি, মৎস্য ও পরিবেশের উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। সোমবার (১৬ মার্চ ২০২৬) সকালে গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের পখমসার এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের মাননীয় হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম এবং শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ সফিকুর রহমান কিরণ। শরীয়তপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাহসিনা বেগম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে শরীয়তপুরের পুলিশ সুপার, গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নদী-নালা ও খাল খনন এবং পুনঃখনন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা অনেকাংশে দূর হবে। এতে কৃষি জমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে এবং স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। বক্তারা আরও বলেন, সরকার দেশের বিভিন্ন স্থানে নদী, খাল ও জলাধার পুনরুদ্ধারে গুরুত্ব দিয়ে কাজ করছে। এর ফলে একদিকে যেমন কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, অন্যদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়ও সহায়ক ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে অতিথিরা খাল খনন কার্যক্রমের বিভিন্ন দিক পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতো। খালটি পুনঃখনন করা হলে এলাকার কৃষি, মৎস্য এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশা প্রকাশ করেন।