মোঃ রুবেল
স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক কাজী রনির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি খান সেলিম রহমান। তিনি বলেন, একজন সাংবাদিকের ওপর এ ধরনের নৃশংস হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, বরং এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সত্য প্রকাশের ওপর সরাসরি আঘাত।
এক বিবৃতিতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি খান সেলিম রহমান বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেন। তাই সাংবাদিকদের ওপর হামলা গণতন্ত্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।”
জানা গেছে, সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিক কাজী রনির বড় ভাই নুর আলম, তার দুই ছেলে এবং ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, হামলাকারীরা অতর্কিতভাবে কাজী রনির ওপর হামলা চালিয়ে তাকে গুরুতরভাবে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার না করায় স্থানীয় সাংবাদিক মহলসহ বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনার পর স্থানীয় সাংবাদিক সমাজসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি খান সেলিম রহমান প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে আহত সাংবাদিক কাজী রনির নিরাপত্তা ও সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমরা জোর দাবি জানাচ্ছি।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে যেন কোনো সাংবাদিক এ ধরনের হামলার শিকার না হন, সে বিষয়ে প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে