মোঃ রাসেল ব্যুরো প্রধান নাটোর :
নাটোর জজ কোর্ট প্রাঙ্গণে নারী আইনজীবীদের সক্ষমতা বৃদ্ধি ও ভিকটিমদের জন্য লিগ্যাল সাপোর্ট সহজতর করার লক্ষ্যে পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পিপি এবং নারী আইনজীবী নেটওয়ার্কের সদস্যদের অংশগ্রহণে একটি সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নাটোর জজ কোর্টের আইনজীবী সমিতির লাইব্রেরিতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহকারী কৌশুলী (জিপি) মো. আবুল কালাম আজাদ। সভায় উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর মো. রুহুল আমিন তালুকদার, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. শরিফুল হক মুক্তা, অতিরিক্ত পিপি মো. শাহেদ মাহমুদ টিটু এবং নাটোর জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহীদ মাহমুদ মিঠুসহ মোট ২৭ জন আইনজীবী। সংলাপে বক্তারা বলেন, সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের মাধ্যমে লিগ্যাল সাপোর্ট আরও সহজ করা সম্ভব। একই সঙ্গে নারীদের প্রতি বৈষম্য দূর করা, নারী আইনজীবীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তার সমাধান করা এবং ভুক্তভোগীদের জন্য আদালত প্রাঙ্গণে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। তারা আরও জানান, কোনো ভিকটিম যেন আদালত প্রাঙ্গণে হয়রানির শিকার না হন এবং লিগ্যাল এইড সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সবাই সম্মিলিতভাবে কাজ করবেন। এই সংলাপ সভাটি বাস্তবায়ন করে আবদুল মোমেন খান মেমোরিয়াল ফাউন্ডেশন (খান ফাউন্ডেশন) এবং বাস্তবায়ন সহযোগী হিসেবে ছিল এএলডব্লিউও (আলো) সংস্থা। অনুষ্ঠানটি সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক ও কারিগরি সহযোগিতায় জিএফএ’র নাগরিকতা প্রকল্পের আওতায় বাস্তবায়িত হয়।