বিশেষ প্রতিনিধি (আতাউর রহমান)
যাত্রীবাহী একটি বাসের তেল শেষ হয়ে যাওয়ায় রেললাইনের ওপর বিশ্রামরত অবস্থায় ট্রেন দুর্ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৬ মার্চ) রাত ৮টার দিকে টাঙ্গাইলের কালিহাটি উপজেলার দশকিয়া ইউনিয়নের ৭ নম্বর ধলাতেঙ্গর সেতুর কাছে। যমুনা সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন এবং জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন তাদের চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২ জন নারী, ২ জন পুরুষ ও একজন শিশু রয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে পুলিশ ধারণা করছে, নিহত সবাই একই পরিবারের সদস্য। টাঙ্গাইল রেলওয়ে স্টেশন আউটপোস্টের এসআই মিজানুর রহমান সাংবাদিকদের জানান, কালিহাটি উপজেলার ধলাটেঙ্গরে ঢাকা গামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে কয়েকজন যাত্রী বাস থেকে নেমে যমুনা সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের পাশের রেললাইনে বসে পড়েন। তিনি বলেন, সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে চাপা পড়ে এক শিশু, দুই নারী ও দুই পুরুষ ঘটনাস্থলেই মারা যান। ধারণা করা হচ্ছে, নিহত সবাই একই পরিবারের সদস্য ছিলেন। তিনি আরও বলেন ,রেললাইনের পাশে বসে থাকা অবস্থায় ট্রেন আসার সময় কোনো শব্দ না পেয়ে তারা ঘটনাস্থলেই চাপা পড়েন।’