শারমিন আরা ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। বুধবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে ডিবি ওয়ারী বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার সকালে ডিবি ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। ডিবি সূত্রে জানা গেছে, লালমাটিয়ার ১/১২ নম্বর সি ব্লকের একটি বাসায় থাকতেন মুনতারিন ফেরদৌস ডরিন। তার বাবা প্রয়াত আনোয়ারুল আজীম আনা। ২০২৪ সালের মে মাসে কলকাতার নিউ টাউনের একটি বিলাসবহুল ভবনে আনার হত্যার ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত ডরিনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।