, শারমিন আরা ঝিনাইদহ জেলা প্রতিনিধি ১৪ নভেম্বর ২০২৬ গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব ও তরুণ উদ্যোক্তাদের স্বপ্নযাত্রাকে সামনে রেখে ঝিনাইদহে শেষ হলো তিন দিনব্যাপী ‘পিঠার হাট ও উদ্যোক্তা উৎসব’। গত ১২ নভেম্বর থেকে শুরু হয়ে আজ ১৪ নভেম্বর (শনিবার) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই উৎসবের সফল সমাপ্তি ঘটে। উৎসবের শেষ দিনটিতে সিও টাওয়ার চত্বরে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই সমাপনী আয়োজনে হাজারো মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ। ঝিনাইদহ শহরের সার্কিট হাউস রোডস্থ চাকলাপাড়ায় অবস্থিত সিও টাওয়ার প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবে সার্বিক সহযোগিতা ও দায়িত্বে ছিল স্বনামধন্য এনজিও ‘সিও’। এবারের মেলায় ৩২টি স্টলে হরেক রকমের ঐতিহ্যবাহী গ্রামীণ পিঠা ও স্থানীয় উদ্যোক্তাদের পণ্য প্রদর্শিত হয়, যা দর্শনার্থীদের দারুণভাবে আকৃষ্ট করে। কম্বল বিতরণ ও শিশু প্রতিযোগিতার পুরস্কার প্রদান উৎসবের সমাপনী দিনে শুধু আনন্দ-উৎসবই নয়, যুক্ত হয়েছিল মানবতার ছোঁয়া। এ সময় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি মেলায় অংশগ্রহণকারী শিশুদের কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রেস্ট ও বিশেষ পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথিদের উপস্থিতি উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘সিও’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামছুল আলম। এছাড়া ঝিনাইদহের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী এবং সুধীজনরা এ সময় উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাতার বক্তব্য অনুষ্ঠানের সমাপনী লগ্নে সিও-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামছুল আলম আবেগঘন কণ্ঠে বলেন, “অনেক কষ্ট করে আজ এ পর্যন্ত এসেছি। আমি চাই, আমার মৃত্যুর পরেও যেন এই প্রতিষ্ঠানটি সচল থাকে এবং নতুন করে সিও-এর মতো আরও অসংখ্য প্রতিষ্ঠান তৈরি হয়ে দেশের বেকারত্ব দূর হয়। সামনের দিনগুলোতে আমি আরও ভালো কাজ করতে চাই এবং সিও এনজিওর মধ্য দিয়ে তরুণ সমাজের বেকারত্ব দূর করতে চাই। সবাই আমাকে সহযোগিতা করবেন এবং আমার পাশে থাকবেন।” গ্রামীণ ঐতিহ্য রক্ষার তাগিদ দিয়ে তিনি আরও বলেন, “আজকাল হারিয়ে যেতে বসা পিঠা উৎসব আমাদের শহর অঞ্চলে প্রায় বিলুপ্তির পথে। তাই গ্রামবাংলার এই ঐতিহ্য ধরে রাখার জন্যই প্রতিবছরের ধারাবাহিকতায় ২০২৬ সালেও আমি এই মেলার আয়োজন করেছি এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ এই ধারা অব্যাহত রাখব।” তিন দিনব্যাপী এই উৎসব সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কতৃপক্ষ ঝিনাইদহবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও এমন সুন্দর আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।