মোঃ মাজেদুল ইসলাম,জেলা প্রতিনিধি,জামালপুর৷ জামালপুরের দেওয়ানগঞ্জের পাথরের চর সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর বাধায় ওই নারীকে পুশইন করতে পারেনি বিএসএফ। বর্তমানে ওই নারী শূন্য রেখায় অবস্থান করছেন। মঙ্গলবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে এ ঘটনা ঘটে। জানা গেছে, পাথরের চর ১০৭৬ মেইন সীমান্ত পিলারের কাছ দিয়ে মঙ্গলবার সকাল ৮টার দিকে ৩০ বছর বয়সী এক নারীকে পুশইনের চেষ্টা করে ভারতের লুকায়ের চর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। ওই নারী বাংলাদেশে প্রবেশের সময় স্থানীয়দের চোখে পড়ে। পরে বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর বাধার মুখে ওই নারী নো ম্যান্স ল্যান্ডে (শূন্য রেখায়) অবস্থান নেন। এরপর থেকে বিজিবি ও বিএসএফ দুই পক্ষই সীমান্তে অবস্থান নিয়ে রয়েছে। সকাল থেকে সীমান্তেই অবস্থান করছেন ওই নারীও। জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন জানান, সকালে ওই নারী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে স্থানীয়দের সঙ্গে নিয়ে বিজিবি তা প্রতিরোধ করে। বর্তমানে বিজিবি পুশইন ঠেকাতে কঠোর অবস্থায় রয়েছে।