শাকিল খান লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন অটোরিকশাচালক মহিন হোসেন ও তাঁর সঙ্গে থাকা রবিউল হোসেন রুবো। স্থানীয় সূত্রে জানা যায়, মহিন হোসেন অটোরিকশায় করে লাকসাম থেকে কাঁচামাল নিয়ে যাচ্ছিলেন। এ সময় কুমিল্লা থেকে নোয়াখালীগামী একটি প্রাইভেটকার পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক মহিন হোসেন ও তাঁর সহযাত্রী রবিউল হোসেন রুবো গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়দের দাবি, প্রাইভেটকারচালক ঘুমঘুম অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।