, তালাকের পর মামাতো ভাইকে বিয়ে করলেন সাগরিকা রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: আবদুর রহমান লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের পাঁচ মাস ১৩ দিনের মাথায় এক নববধূর সন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর স্বামী মিরাজ হোসেন স্ত্রীকে তালাক দেন। পরে নবজাতক কন্যাসন্তানসহ সাগরিকা আক্তারকে স্ত্রী হিসেবে গ্রহণ করে বিয়ে করেছেন তাঁর মামাতো ভাই আবুল খায়ের। রোববার (১৬ নভেম্বর) রাত ১টার দিকে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের আকনবাজার এলাকায় স্থানীয় ইউপি সদস্য মাহমুদ আলীর বাড়িতে উভয় পরিবারের অভিভাবকদের উপস্থিতিতে ৫ লাখ টাকা দেনমোহরে এ বিয়ে সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন সাগরিকা আক্তার, আবুল খায়ের, সাগরিকার মামা বাবুল সিকদার, চাচা মালেক সিকদার ও বারেক সিকদার, আবুল খায়েরের বাবা আলী আহাম্মদ পেদা, ভাই আবু তাহেরসহ স্থানীয় কয়েকজন ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা যায়, চরলক্ষী গ্রামের দিনমজুর রফিক সিকদারের মেয়ে সাগরিকা আক্তারের (১৮) সঙ্গে ২০২৬ সালের ১৭ জুন আনুষ্ঠানিকভাবে বিয়ে হয় চরকাছিয়া গ্রামের বায়রাঘাট এলাকার সাহেব আলী মালের ছেলে নৌকার মাঝি মিরাজ হোসেনের (২৫)। বিয়ের আগে সাগরিকা চরবংশী এলাকার একটি মাদরাসায় অষ্টম শ্রেণিতে পড়াশোনা করতেন। বিয়ের প্রায় পাঁচ মাস ১৩ দিন পর গত ৩১ অক্টোবর লক্ষ্মীপুর সদর উপজেলার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন সাগরিকা। নবজাতকের নাম রাখা হয়েছে মাহমুদা আক্তার মাহি। বিয়ের সময় ও সন্তান জন্মের সময়ের ব্যবধান নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়। সাগরিকা আক্তার জানান, তাঁর দুঃসময়ে পাশে দাঁড়ানোয় সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন তিনি। আবুল খায়ের তাঁকে ও নবজাতককে স্ত্রী ও সন্তান হিসেবে গ্রহণ করেছেন। তাঁদের ভরণপোষণের দায়িত্বও নিয়েছেন। আগামী মাসে আনুষ্ঠানিকভাবে তাঁকে নিজের বাড়িতে তুলে নেওয়ার কথা জানিয়েছেন আবুল খায়ের। আবুল খায়ের বলেন, “আমি ভুল করেছি। সাগরিকাসহ সবার কাছে ক্ষমা চাই। নবজাতকসহ সাগরিকাকে আমার স্ত্রী ও সন্তান হিসেবে গ্রহণ করলাম। কয়েকদিন পর আনুষ্ঠানিকভাবে তাঁকে বাড়িতে তুলে নেব।” অন্যদিকে সাগরিকার আগের স্বামী মিরাজ হোসেন বলেন, “আমাদের বিয়ের বয়স ছিল পাঁচ মাস ১৩ দিন। এই সময়ের মধ্যে সন্তান জন্ম নেওয়ায় বিষয়টি নিয়ে আমার সন্দেহ হয়। পরে খোঁজ নিয়ে জানতে পারি, তাঁর মামাতো ভাই আবুল খায়েরের সঙ্গে এ ঘটনার সংশ্লিষ্টতা রয়েছে। এরপর গত বুধবার বিকেলে সাগরিকাকে তালাকনামা পাঠিয়েছি।” ঘটনার বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মাহমুদ আলী বলেন, বিয়ের পাঁচ মাসের মাথায় সন্তান জন্মের ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। পরে উভয় পরিবারের সদস্যদের নিয়ে তাঁর বাড়িতে বৈঠক করে বিয়ের ব্যবস্থা করা হয়। বিষয়টি পুলিশকেও জানানো হয়েছে বলে তিনি দাবি করেন।