দরজা ভেঙে নিয়ে গেল ফুড ডেলিভারি এজেন্সির মোটরসাইকেল প্রতিবেদন: আব্দুল আল সাইদ রুবেল ভ্রাম্যমান রিপোর্টার এমটিভি ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ায় পৌর ছাত্রলীগের সভাপতি সামি আহমেদ নাবিলের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি দরজা ভেঙে নিচতলায় থাকা একটি ফুড ডেলিভারি এজেন্সির মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের বাগানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একদল দুর্বৃত্ত বাড়িটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে বাড়ির নিচতলার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে একটি মোটরসাইকেল নিয়ে যায় তারা। জানা গেছে, বাড়িটির নিচতলায় একটি ফুড ডেলিভারি এজেন্সির কার্যক্রম পরিচালিত হয়। সেখানে ভাড়াটিয়া হিসেবে প্রতিষ্ঠানটির লোকজন বসবাস ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতেন। নিয়ে যাওয়া মোটরসাইকেলটি ওই ফুড ডেলিভারি এজেন্সির নামে নিবন্ধিত ছিল বলে জানা গেছে। তবে কারা এই হামলার সঙ্গে জড়িত এবং কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এদিকে, বাড়িতে হামলা, ভাঙচুর ও মোটরসাইকেল নিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং মোটরসাইকেল উদ্ধারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা আটকের তথ্য পাওয়া যায়নি।