এম এ মজিদ নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় খড় খাওয়াকে কেন্দ্র করে ঘটে যাওয়া নির্মম হত্যাকাণ্ডের শিকার শহীদুল ইসলামের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। প্রিয়জনকে হারিয়ে দিশেহারা ও শোকে ভেঙে পড়া পরিবারটির প্রতি তিনি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের তুলশীরামপুর গ্রামে নিহত শহীদুল ইসলামের বাড়িতে যান সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। সেখানে তিনি শহীদুলের শোকাহত বাবা-মা, স্ত্রী ও সন্তানদের জড়িয়ে ধরে সান্ত্বনা দেন এবং পরিবারের খোঁজখবর নেন। একইসঙ্গে উক্ত হামলায় আহতদের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং তাদের চিকিৎসা নিশ্চিতকরণের আশ্বাস দেন। স্থানীয় সূত্রে জানা যায়, সামান্য গরুর খড় খাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বাকবিতণ্ডার একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় নির্মমভাবে প্রাণ হারান শহীদুল ইসলাম। হঠাৎ এমন ঘটনায় পুরো পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকাবহ মুহূর্তে পরিবারের পাশে দাঁড়িয়ে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, “এই ধরনের নৃশংসতা অত্যন্ত মর্মান্তিক ও অনাকাঙ্ক্ষিত। আমরা শোকাহত পরিবারের এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি কামনা করি। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।” পরিদর্শনের সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।