আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে দেশের ৬৪ জেলা থেকে আগত সাংবাদিকদের মিলনমেলার মধ্য দিয়ে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে দৈনিক মাতৃজগত পত্রিকার সারা দেশের সাংবাদিকগণ, বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বলেন, “দৈনিক মাতৃজগত শুধু একটি সংবাদপত্র নয়, এটি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের একটি বৃহৎ পরিবার। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানী পর্যন্ত যেসব সংবাদকর্মী সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে কাজ করে যাচ্ছেন, তাঁদের ঐক্য ও সহযোগিতাই মাতৃজগতের সবচেয়ে বড় শক্তি।” তিনি আরও বলেন, “গণমাধ্যমকে আরও শক্তিশালী ও দায়িত্বশীল করতে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। সাংবাদিকদের ওপর হামলা, হয়রানি এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদেরও বস্তুনিষ্ঠতা, পেশাদারিত্ব ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।” আলোচনা সভায় বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা ও মানুষের অধিকারবঞ্চনার বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি ইতিবাচক কর্মকাণ্ডও গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচার করা প্রয়োজন। বক্তারা আরও বলেন, দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে অসংখ্য সংবাদকর্মী নানা প্রতিকূলতার মধ্যেও দায়িত্ব পালন করছেন। তাঁদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সাংবাদিক সংগঠন, গণমাধ্যম প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত সংবাদকর্মীরা তাঁদের পেশাগত অভিজ্ঞতা তুলে ধরেন। একই সঙ্গে সাংবাদিকতার মানোন্নয়ন, সংবাদকর্মীদের নিরাপত্তা, প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে মতামত দেন। এ সময় বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দীর্ঘদিন পর সহকর্মীদের সঙ্গে সাক্ষাৎ, মতবিনিময় ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পেয়ে পুরো আয়োজনটি পরিণত হয় সাংবাদিকদের এক প্রাণবন্ত মিলনমেলায়। অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে অতিথিদের সম্মাননা প্রদান, সাংবাদিকদের স্বীকৃতি ও শুভেচ্ছা বিনিময় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যমের ভূমিকা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়। শেষে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার উত্তরোত্তর সাফল্য, পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সকল সাংবাদিক ও সংবাদকর্মীর কল্যাণ এবং দেশের গণমাধ্যমের স্বাধীন, নিরাপদ ও দায়িত্বশীল পরিবেশ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মিরপুর ন্যাশনাল কলেজের সভাপতি এ বি এম এ রাজ্জাক, বাংলাদেশ জাতীয় নিউজ ক্লাবের প্রধান উপদেষ্টা ও রাজনীতিবিদ শামসুল মোস্তফা শামিম মজুমদার, জাতীয় প্রেসক্লাবের সদস্য ও দৈনিক পাঞ্জেরী-এর সম্পাদক তালুকদার রুমি, প্রেসক্লাব ফেডারেশনের মহাসচিব ও দৈনিক ফলাফল-এর প্রকাশক ও সম্পাদক শেখ মুস্তাফিজুর রহমান, রূপনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নোমান হোসেন, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আহমেদ আবু জাফর, ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, দৈনিক সবুজ বিপ্লব-এর ভারপ্রাপ্ত সম্পাদক এস এম বদরুল আলম, দৈনিক খবরের আলো-এর সম্পাদক মো. আমিনুজ্জামান আমির, দৈনিক জনজাগরণ-এর সম্পাদক মো. মিহাব উদ্দিন, দৈনিক সোনালী খবর-এর সম্পাদক মো. মনিরুজ্জামান, দৈনিক অন্যায়ের চিত্র-এর সম্পাদক মো. শহিদুল ইসলাম, দৈনিক খবরের সময়-এর প্রকাশক মো. আব্দুল মান্নান ভূঁইয়া, দৈনিক মাতৃজগত-এর প্রধান সম্পাদক এম এ এ সৌরভ খান, আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের চেয়ারম্যান লায়ন মো. হেলাল উদ্দিন হিলু, ঢাকা প্রেসক্লাবের সহ-সভাপতি এ মান্নান, লায়ন্স ক্লাবের চেয়ারম্যান খান আখতারুজ্জামান, হিউম্যান এইড ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মহাসচিব সোহেলী পারভীন প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহিদুল হাসান সরকার, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের উপদেষ্টা অধ্যক্ষ মো. এ বি এম জহিরুল আমিন, এ আর হিউম্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ফকরুল ইসলাম, দৈনিক মাতৃজগত-এর নির্বাহী সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, বার্তা সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক ও বাংলাদেশ জাতীয় নিউজ ক্লাবের ভারপ্রাপ্ত মহাসচিব রফিকুল ইসলাম, বাংলাদেশ পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি আলম হোসেন খান, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ এম রুস্তম আলী, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নাসির আহমেদ, হিউম্যান এইড ইন্টারন্যাশনালের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কিশোরী পারভীন, ভাইস প্রেসিডেন্ট সাজ্জাদ হোসেন খান, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এম রুবেল আলী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নূরনবী ফরাজী মুক্তার, সদস্য সচিব মো. আওলাদ হোসেন, ঢাকা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আসাদুজ্জামান, সেন্ট্রাল প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ সোহেল রানাসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও অতিথিরা উপস্থিত ছিলেন।