শারমিন আরা ঝিনাইদহ জেলা প্রতিনিধি: ঝিনাইদহে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। আজ রবিবার (৯ আগস্ট) বিকেলে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে বেলুন ও পায়রা উড়িয়ে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদসহ জেলা প্রশাসন ও বিভিন্ন ক্রীড়া সংগঠনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনী দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হয় ঝিনাইদহ সদর উপজেলা একাদশ এবং মহেশপুর পৌরসভা একাদশ। মাঠের লড়াইয়ে প্রতিপক্ষকে পুরোপুরি কোণঠাসা করে রাখে সদর উপজেলা একাদশ। আক্রমণাত্মক ফুটবলের পশরা সাজিয়ে মহেশপুর পৌরসভা একাদশকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে মাঠ ছাড়ে তারা। সদর উপজেলার গোলের বন্যায় ম্যাচটি যেন ২০১৪ বিশ্বকাপের ব্রাজিল-জার্মানির স্মৃতি মনে করিয়ে দেয়। যুবসমাজকে মাদকাসক্তি, ক্ষতিকর অনলাইন জুয়া ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলার মাঠে ফিরিয়ে আনার লক্ষ্যেই জেলা প্রশাসন এই টুর্নামেন্টের আয়োজন করেছে। জেলার ৬টি উপজেলা ও ৬টি পৌরসভার দল নিয়ে গঠিত একাদশগুলো এতে অংশ নিচ্ছে। আগামী ২৯ আগস্ট ফাইনাল খেলার মধ্য দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের ।


