আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এ্যাড. মো. রাইসুল ইসলাম জাহিদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-এর ব্যানারে তাঁর এই প্রার্থীতা ঘোষণায় ইউনিয়নের সাধারণ মানুষ, শুভাকাঙ্ক্ষী, গুণগ্রাহী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এ্যাড. মো. রাইসুল ইসলাম জাহিদ গলাচিপা উপজেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দীর্ঘদিনের সুনামধন্য সিনিয়র আইনজীবী। দীর্ঘ সময় ধরে আইনি পেশায় যুক্ত থেকে সাধারণ ও অসহায় মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। পেশাগত সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সুবাদে আদালত অঙ্গনসহ কলাগাছিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে একজন আস্থাভাজন ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলে কলাগাছিয়া ইউনিয়নের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবার মান পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন রাইসুল ইসলাম জাহিদ। তাঁর প্রার্থীতার ঘোষণাকে স্বাগত জানিয়ে ইউনিয়নের শুভাকাঙ্ক্ষী ও সমর্থকরা জানান, একজন অভিজ্ঞ আইনজীবী ও সৎ মানুষ চেয়ারম্যান পদে নির্বাচিত হলে কলাগাছিয়া ইউনিয়নের উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতোমধ্যে কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ সমাজ ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে শুভেচ্ছা ও সমর্থন জানাচ্ছেন। এ্যাড. মো. রাইসুল ইসলাম জাহিদ ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে এলাকাবাসীর দোয়া, সহযোগিতা ও মূল্যবান সমর্থন কামনা করেছেন।


