ভোলার তজুমদ্দিনে ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা ছড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে মেজর হাফিজ উদ্দিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। সোমবার (২৩ নভেম্বর) উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক আলহাজ ওমর আসাদ রিন্টু এবং ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুনতাসির আলম রবিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. বনি আমিন। বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদকমুক্ত, শৃঙ্খলাপূর্ণ ও সুস্থ ধারার সমাজে সম্পৃক্ত করতে খেলাধুলার ভূমিকা অপরিসীম। এ ধরনের টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়া প্রতিভা বিকাশের পাশাপাশি সামাজিক ঐক্য ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সহায়ক হবে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ক্রীড়া সংগঠক ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের উদ্বোধন ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।


