মোঃ শফিকুর রহমান ঢাকা জেলা প্রতিনিধি
দেশের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে আগামী জানুয়ারি থেকে দেশের ৬৪টি জেলা ক্রীড়া সংস্থার জন্য বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার প্রণয়ন ও সরবরাহের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমিনুল হক।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সিলেট জেলা স্টেডিয়ামে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। আমিনুল হক জানান, প্রস্তাবিত ক্রীড়া ক্যালেন্ডারে ফুটবল, ক্রিকেট, ভলিবল, দাবা, টেবিল টেনিস ও অ্যাথলেটিক্সসহ বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতার সময়সূচি নির্ধারণ করা থাকবে। এর ফলে বছরজুড়েই দেশের প্রতিটি জেলায় খেলাধুলার আয়োজন অব্যাহত থাকবে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে একটি ঐক্যবদ্ধ, সুশৃঙ্খল ও সুস্থ জাতি গড়ে তোলা সম্ভব হবে। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দেশের ক্রীড়াঙ্গনে পরিবর্তনের যে নতুন হাওয়া বইতে শুরু করেছে, সিলেটের এই ফুটবল আয়োজন তারই একটি উদাহরণ। নিজের স্মৃতিচারণ করে তিনি বলেন, মাত্র ১২ বছর বয়সে সিলেট জেলা স্টেডিয়াম থেকেই তাঁর ফুটবল ক্যারিয়ারের যাত্রা শুরু হয়েছিল। এ কারণে সিলেটের প্রতি তাঁর রয়েছে বিশেষ ভালোবাসা ও আবেগ। এ সময় একসময়ের খেলার সঙ্গী গোলরক্ষক নাচনের কথাও স্মরণ করেন তিনি। বর্তমান সরকারের নয় মাস পূর্তির প্রসঙ্গ তুলে আমিনুল হক আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী পাঁচ বছরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দৃশ্যমান ও ইতিবাচক পরিবর্তন আসবে। প্রধানমন্ত্রীর স্বপ্নের কথা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে অলিম্পিক, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে বাংলাদেশ শুধু অংশগ্রহণের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং পদক জয়ের লক্ষ্য নিয়ে প্রতিযোগিতায় অংশ নেবে। এ লক্ষ্য বাস্তবায়নে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত সিলেটের জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করতে জেলা প্রশাসকের বলিষ্ঠ ভূমিকা প্রয়োজন। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে আলোচনা করে জেলা ক্রীড়া সংস্থাকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় গ্যালারিতে উপস্থিত দর্শক ও মাঠের খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে টুর্নামেন্টের সফল আয়োজন ও সুন্দর সমাপ্তি কামনা করেন আমিনুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণবিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ সিলেটের জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।