ভোলা প্রতিনিধি: ভোলা জেলার লালমোহন ও তজুমদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রামগঞ্জ ও হাটবাজারে মদ, ইয়াবা, গাঁজা, ফেনসিডিল ও জুয়ার বিস্তার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় এসব অবৈধ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সরকার পরিবর্তনের পরও অনেক এলাকায় পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়নি বলে দাবি সচেতন মহলের। বিশেষ করে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নে মাদকদ্রব্যের সরবরাহ ও ব্যবহার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন গ্রাম ও বাজারকেন্দ্রিক এলাকায় মাদক বেচাকেনা এবং জুয়ার আসর নিয়মিত বসছে। এর ফলে এলাকার তরুণ ও যুবসমাজ নেশার দিকে ঝুঁকে পড়ছে এবং সামাজিক অবক্ষয়, চুরি-ছিনতাইসহ নানা অপরাধ বৃদ্ধি পাচ্ছে। সচেতন নাগরিকদের মতে, মাদক ও জুয়ার বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা এবং পুলিশ প্রশাসনের নিয়মিত অভিযান পরিচালনা জরুরি। প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা গেলে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি সম্ভব বলে তারা মনে করেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি এবং দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।