নাজিম আল হাসান রাঙ্গামাটি রাঙ্গামাটি শহরে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধভাবে তেল (ডিজেল) মজুদ ও কালোবাজারির সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ০৬ এপ্রিল ২০২৬ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন-এর নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গামাটি পৌরসভার ০১নং ওয়ার্ডের শরীয়তপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে মোঃ সাইফুল ইসলাম @ সাবু (৪১) নামের এক ব্যক্তির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ সাইফুল ইসলাম @ সাবু, মৃত সিদ্দিক আহম্মেদের পুত্র এবং নুর নাহার বেগমের সন্তান। তার স্থায়ী ঠিকানা শরীয়তপুর (রিজার্ভ বাজার), ০১নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা-কোতয়ালী, জেলা-রাঙ্গামাটি। পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি অবৈধভাবে ডিজেল মজুদ করে তা কালোবাজারির মাধ্যমে বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। এ ধরনের কর্মকাণ্ড স্থানীয় বাজারে জ্বালানির কৃত্রিম সংকট সৃষ্টি করে এবং সাধারণ ভোক্তাদের দুর্ভোগ বাড়ায়। এ বিষয়ে পুলিশ জানায়, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও কালোবাজারি রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয় সচেতন মহল পুলিশের এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, এ ধরনের অভিযান জ্বালানি খাতে অনিয়ম বন্ধে কার্যকর ভূমিকা রাখবে এবং বাজার ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনবে।