বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন বিভিন্ন এলাকার বাসিন্দারা ঢাকা জেলা প্রতিনিধি: মোঃ শফিকুর রহমান রাজধানীর মিরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পের মাধ্যমে প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন আয়োজকরা। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে ডেন্টাল মেডিসিন বিশেষজ্ঞ, গাইনি বিশেষজ্ঞসহ বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম রুস্তম আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আওলাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকলে সাধারণ মানুষ বিশেষভাবে উপকৃত হবেন। সভাপতির বক্তব্যে এস এম রুস্তম আলী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে সাধারণ মানুষের কল্যাণে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে। সদস্য সচিব আওলাদ হোসেন বলেন, মানুষের সেবা করাই আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য। বিশেষ করে যারা অর্থের অভাবে চিকিৎসাসেবা নিতে পারেন না, তাদের বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ দেওয়ার জন্যই এ আয়োজন করা হয়েছে। এ সময় মিরপুর, কল্যাণপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার অসংখ্য নারী, পুরুষ ও বয়স্ক মানুষ চিকিৎসাসেবা গ্রহণের জন্য ক্যাম্পে উপস্থিত হন। চিকিৎসকদের কাছ থেকে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা পেয়ে সন্তোষ প্রকাশ করেন সেবাগ্রহীতারা। আয়োজকরা জানান, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসচ্ছল ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও জনসেবার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।