শেখ রিবণ রায়হান
স্টাফ রিপোর্টার
মানবাধিকার প্রেসক্লাব ও জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর মালিবাগে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবাধিকার প্রেসক্লাবের সভাপতি এবং মানবাধিকার প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ আবুল হাসান। তিনি তার বক্তব্যে বলেন, মানুষের মৌলিক অধিকার রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী ও সুসংহত রাখতে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পাশাপাশি সাংবাদিকদের কল্যাণে সরকারিভাবে ভাতা ও সহায়তা প্রদানের ব্যবস্থাও চালু করার আহ্বান জানান তিনি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ ঢাকা চাই-এর সভাপতি সাংবাদিক আতাউর রহমান, এডভোকেট নুরুল ইসলাম, শাহিনুর রহমান মিলু, মোঃ আজহার আলী, সোহেল রানা প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথি, সাংবাদিক ও আমন্ত্রিতদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।