মোঃ জিয়াউদ্দিন
জেলা বিশেষ প্রতিনিধি (ভোলা)
“সবার আগে বাংলাদেশ, ব্যক্তি নয়—পরিবারই উন্নয়নের মূল একক” এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকাল ১১টায় রাজধানীর বনানীর কড়াইল টি অ্যান্ডটি ময়দান থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার ১৪টি এলাকায় একটি করে ওয়ার্ডে একযোগে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে ভোলার চরফ্যাশন উপজেলা হলরুমে জেলা প্রশাসনের আয়োজনে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম নয়ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার মো. শহীদুল্লাহ এবং উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এমাদুল হোসেন। এ সময় সমাজসেবা কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে আসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ২৩৩টি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। ফ্যামিলি কার্ড পেয়ে উপকারভোগী পরিবারগুলোর মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। তারা বলেন, “আমরা কখনো ভাবিনি ঈদের আগে এমন একটি ফ্যামিলি কার্ড হাতে পাব। এ উদ্যোগ নেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
উল্লেখ্য, বরিশাল বিভাগের মধ্যে ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।