নিজস্ব প্রতিবেদক:
আসন্ন বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে হিউম্যান এইড ইন্টারন্যাশনালের নাম ও পরিচয় ব্যবহার করে পরিচালিত ভুয়া ফেসবুক পেজ, প্রোফাইল ও গ্রুপের বিষয়ে বিশেষ অনুরোধ জানিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীন। তিনি বলেন, হিউম্যান এইডের নামে শতাধিক ভুয়া ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালিত হচ্ছে বলে বিষয়টি আমাদের নজরে এসেছে। যারা এসব পেজ ও গ্রুপ পরিচালনা করছেন, তাদের প্রতি বিশেষ অনুরোধ—অনুগ্রহ করে এসব প্ল্যাটফর্মে কোনো ধরনের রাজনৈতিক কিংবা ধর্মীয় পোস্ট, প্রচারণা বা বিতর্কিত বক্তব্য প্রকাশ করবেন না। সেহলী পারভীন আরও বলেন, মানবাধিকার একটি সর্বজনীন ও মানবিক বিষয়। এর সঙ্গে কোনো রাজনৈতিক দল, মতাদর্শ কিংবা ধর্মীয় বিভাজনকে যুক্ত করা উচিত নয়। মানবাধিকার প্রতিষ্ঠা, মানুষের মর্যাদা রক্ষা এবং অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোই হিউম্যান এইডের মূল লক্ষ্য ও আদর্শ। তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো সংগঠনের নাম ও পরিচয় ব্যবহার করে এমন কোনো কর্মকাণ্ড পরিচালনা করা উচিত নয়, যা সংগঠনের ভাবমূর্তি, উদ্দেশ্য ও মানবিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে। তাই সবাইকে দায়িত্বশীল আচরণ করার এবং মানবাধিকারবিষয়ক কার্যক্রমকে রাজনৈতিক ও ধর্মীয় বিতর্কের ঊর্ধ্বে রাখার অনুরোধ জানাচ্ছি। সেহলী পারভীন প্রতিষ্ঠাতা মহাসচিব হিউম্যান এইড ইন্টারন্যাশনাল